ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন তিন সিটি করপোরেশন নির্বাচন বিএনপি বয়কট করায় দুঃখ প্রকাশ করেছেন এবং নির্বাচনে প্রতিটি অনিয়মের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সিটি নির্বাচন থেকে মাঝপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরে দাঁড়ানোর ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সিদ্ধান্তের ফলে ঢাকা এবং চট্টগ্রামে আজ (গতকাল মঙ্গলবার) রাতে এবং আগামী কয়েকদিন সহিংসতা বা বিঘ্ন সৃষ্টিকারী কোন ঘটনা ঘটবে না। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের (গতকাল মঙ্গলবার) ঘটনায় প্রতিক্রিয়া দেখানো উচিত। অনিয়মের সকল অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি। সকল ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করা সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসমূহের দায়িত্ব। যারা নির্বাচনে জিতবেন তাদের স্ব স্ব শহরের অধিবাসীদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী তাদের সেবা প্রদানের দিকে লক্ষ্য রাখা উচিত।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে রবার্ট গিবসন বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। আমি প্রিজাইডিং আফিসারদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছে কোন গোলযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। পোলিং এজেন্টদের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটি প্রার্থীদের বিষয়। তারা ঠিক করবে কোথায় পোলিং এজেন্ট দেবে। আমি এর আগে তিনটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং কিছু পোলিং এজেন্ট দেখেছি।