মাছ ধরতে নদীতে ডুব দিয়ে জেলে নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীতে মাছ ধরতে নেমে সুমন কুমার (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সুমন কুমার বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের মনি হাওয়ালদারের ছেলে।

 

জানা গেছে, শনিবার দুপুর একটার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর ঘাট এলাকায় বেড় জাল দিয়ে সুমন কুমার ও তার সহযোগীরা মাছ ধরতে নামে। এ সময় সুমন কুমার মাছ ধরার উদ্দেশে পানিতে ডুব দেয়। এরপর তিনি আর ভেসে ওঠেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। ফলে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদেরকে সংবাদ দেয়া হয়েছে।

 

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার কাজে সহযোগিতার জন্য রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জের নিকট ডুবুরি দল চাওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এএম