দেশব্যাপী গত কয়েকদিন যাবত্ ভূমিকম্পে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে ফাটক দেখা দিয়েছে। এ সংক্রান্ত ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
রাজাপুর (ঝালকাঠি): রাজাপুরে কয়েকদিনের কয়েক দফা ভূমি কম্পের প্রভাবে ৫০নং পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ওই বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবনেই আতঙ্কের মধ্যে কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে।
বীরগঞ্জ:রবিবার দুপুরে ভূমিকম্পে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হয়। এর মধ্যে ঝুঁকি নিয়ে ১৪৬ জন ছাত্র-ছাত্রী ক্লাস করছে।
ধামরাই (ঢাকা): ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের দ্বিতীয় তলার শ্রেণি কক্ষগুলোতে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প পরবর্তী দোতলার চারটি শ্রেণিকক্ষের বিভিন্ন স্থানে এ ফাটল পরিলক্ষিত হয়। সোমবার বিকালে শিক্ষার্থীরা এ ফাটল লক্ষ্য করে। ফাটল দেখামাত্র শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন বিশেষজ্ঞ দিয়ে ফাটলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
ফকিরহাট (বাগেরহাট) : ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও উপজেলা আনসার ভিডিপি অফিস ভবন ভূমিকম্পে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর ওই অধিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদানসহ সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম।
শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবনের একাধিক স্থানে ফাটল ধরেছে। এদিকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সূরুল ইসলাম জানান, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জানা সত্ত্বেও কার্যক্রম চালাতে হচ্ছে।