মীরাক্কেলের শশী আর সঙ্গীত পরিচালক সাফায়াত-এর বিয়ে

প্রেমের হিসেবটা যেমন হয় এখানেও তেমনই। একসাথে কাজ করতে করতেই ভালোলাগা, অতঃপর প্রস্তাব বিনিময়। ভালোলাগা থেকেই দু’জনার সিদ্ধান্ত পরিবারকে জানানো। আগামী মাসে তাদের বাগদান। সবই হচ্ছে দুই পরিবারের সম্মতিতেই। এদেশের গুণী পিয়ানো বাদক, শিক্ষক ও সঙ্গীত পরিচালক সাফায়াত হোসেনের সঙ্গীত মহলে দারুণ সুখ্যাতি। বিনয়ী এই মেধাবী নিজের অর্ধাঙ্গীনি হিসেবে বেছে নিয়েছেন আরেক মেধাবী তরুণী মীরাক্কেলের প্রতিযোগী শশীকে।
 
মূলত মালদ্বীপে একটি স্টেজ শোতে একসাথে সফর করতে গিয়েই দু’জনার সাথে শখ্য। সেখানে এক ভয়াবহ অভিজ্ঞতা থেকে দু’জনার দেশে ফেরার পরই সিদ্ধান্ত নেন একে অপরের হবেন। বরাবরের লাজুক সাফায়াত নিজের এই বিয়ে পুর্ববর্তী সম্পর্ককে প্রেম বলতে নারাজ। তার মতে, ‘একেবারেই ঘরোয়াভাবে হচ্ছে সবকিছু। আমার ভালোলাগাটা আমার পরিবার বরাবরই গুরুত্ব দেয়। সেই মতেই আমি জানিয়েছি, এরপর দিনক্ষণ জানানো। তবে দু’জনই যেহেতু ম্যাচিউরড এবং একই মিডিয়ায় কাজ করছি নিজেদের স্ব স্ব সম্মান নিয়েই। আশা করছি নতুন জীবনেও সুখী হবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’