লা লিগায় গেতাফেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে এই জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট এগিয়ে আছে লুইস এনরিকের দল।
ম্যাচ শুরুর পর লুইস সুয়ারেসকে ডি-বক্সে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে নবম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।
১৫তম মিনিটে সমতা ফেরানোর একটা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দলটি।
২৫তম মিনিটে দারুণ ব্যবধান দ্বিগুণ করেন বার্সার সুয়ারেস। ডি-বক্সের ভেতর মেসির বাড়ানো বলে শূন্যেই ভলি করে জালে জড়ান উরুগুয়ের এই তারকা।
২৮তম মিনিটে গোল করেন নেইমার। সুয়ারেসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জড়ান নেইমার।
দুই মিনিট পরই গোল করেন চাভি। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে ওপরের ডান কোনা দিয়ে বল জালে জড়ান বার্সেলোনা অধিনায়ক।
৪০তম মিনিটে গোল করেন সুয়ারেস। চাভির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের প্রথমদিকেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ডি বক্সের ডান দিকে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান তিনি। লা লিগার চলতি মৌসুমে এটি মেসির ৩৮তম গোল। গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা রিয়ালের রোনালদোর চেয়ে আর মাত্র ১ গোল পেছনে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে আরো কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে তা কাজে লাগাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।