রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস ভাংচুরের প্রতিবাদে ঢাকা-রাজাশাহী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানান, সকালে নগরীর উপকণ্ঠ কাটাখালীতে একটি ট্রাক রাবির বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যাওয়ার উপক্রম হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকটি ভাংচুর করে। খবর পেয়ে স্থানীয় পরিবহন শ্রমিকরা রাবির বাস ভাংচুর এবং শিক্ষার্থীদের মারধোর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মারধোর ও বাস ভাঙচুরের রাবির প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও পাঁচ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়। এগুলো হলো-শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠ বিচার, বাসের ক্ষতিপূরণ, কাটাখালী বাজারে যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণ, মহাসড়ক থেকে অটোরিকশা অপসারণ, পুনরায় ছাত্রদের উপর হামলা না হয় তা নিশ্চিতকরণ।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর তারিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবহন বাস চালু রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।