এক প্রশ্নের জবাবে শওকত মাহমুদ বলেন, আদর্শ ঢাকা আন্দোলন একটি নাগরিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক দল নয়। তাই এই নির্বাচন বিষয়ে কোনো কর্মসূচি দেয়ার চিন্তা তাদের নেই। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহাকরী শিমুল বিশ্বাসের কথোপকথনে বিএনপির নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত বলে মনে হয়েছে- এমন অভিযোগের বিষয়ে শওকত মাহমুদ বলেন ‘এটা ঠিক নয়। এটা ভিত্তিহীন। খালেদা জিয়া সিরিয়াসলি নির্বাচন নিয়ে কাজ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। পরিকল্পিত হলে তা করতেন না।’ ভোটের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ ও সাবেক প্রো-ভিসি প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ডিইউজে সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ।