আমি হিন্দু-মুসলিম দুই-ই, আদালতে সালমান

 
ভারতের রাজস্থানে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলায় শুনানি চলছে। যোধপুর আদালতে এই শুনানি চলাকালে উপস্থিত সবাইকে কিছুটা চমকে দিয়েই সালমান খান বললেন, আমি হিন্দু-মুসলিম দুই-ই।
 
বুধবার আদালতে সালমান খান যাওয়ার পর বিচারক তার জাতের পরিচয় জানতে চাইলে উত্তরে বললেন, আমি হিন্দু-মুসলিম, উভয়ই। কারণ আমার মা হিন্দু, বাবা মুসলিম। জবানবন্দিতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা তাকে ফাঁসিয়েছেন।
 
তাকে ফাঁসানোর ব্যাপারে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারবেন কিনা, জানতে চায় আদালত। জবাবে তথ্যপ্রমাণ দাখিল করবেন বলে জানান সালমান। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৪ মে। ২৩ এপ্রিল এই মামলায় যোধপুর আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল সালমান খানের। কিন্তু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সেদিন অব্যাহতি চান তিনি।
 
এই মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে সালমানের। সূত্র: এবিপি