সিটি নির্বাচনে ঢাকায় ভোটের হার কম

বিগত সময়ে অনুষ্ঠিত সিটি নির্বাচনের চেয়ে এবার ভোট প্রদানের হার অনেক কম। সরকারি হিসেবে তিন সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। যদিও নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ভোট প্রদানের প্রকৃত হার আরো অনেক কম বলে দাবি করেছেন।

 

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, মনে হচ্ছে সরকারি হিসেবে ভোট প্রদানের হার কিছু বেশি দেখানো হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা উত্তর সিটিতে ৩৭ দশমিক ২৭ শতাংশ, দক্ষিণ সিটিতে ৪৮ দশমিক ৪০ শতাংশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪৭ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ ২০১৩ সালের জুলাইয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬৩ দশমিক ৬৯ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সরকারিভাবে ঘোষিত ভোট প্রদানের হার ছিল ৬২ দশমিক ৭৮ শতাংশ, রাজশাহী সিটিতে ৭৬ দশমিক ৯ শতাংশ, খুলনা সিটিতে ৬৯ দশমিক ৭৯ শতাংশ এবং বরিশাল সিটিতে ৭৩ দশমিক ৫৮ শতাংশ। তারও আগে ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ দশমিক ৩৯ শতাংশ এবং ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট ব্যালট বাক্সে পড়ে।  গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে সরেজমিন পরিদর্শনকারী গণমাধ্যমকর্মী ও বেসরকারি বিভিন্ন সূত্রের প্রতিনিধিরা জানান, তিন সিটির অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের তেমন দীর্ঘ সারি দেখা যায়নি। অনেক কেন্দ্র প্রায় ফাঁকা ছিল।