বাংলাদেশের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি, হয়রানি আর সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার এক বিবৃতিতে ইইউ-র মুখপাত্র ক্যাথরিন রে জানিয়েছেন, শান্তিপূর্ণ আর স্বচ্ছ নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও, ঢাকা ও চট্টগ্রামের নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে।
ইইউ বলছে, নির্বাচনে ভোটাররা তাদের পছন্দমতো মতামত প্রকাশের সুযোগ পাননি।
অনিয়ম ও সহিংসতার যেসব অভিযোগ উঠেছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
রাজনৈতিক দলগুলো সব ধরণের সহিংসতা ও উত্তেজনা পরিহার করে স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে বলে ইইউ আশা প্রকাশ করেছে।
এর আগে অনিয়ম ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
একই ধরণের আহবান জানিয়েছে ঢাকায় কয়েকটি বিদেশী দূতাবাস।
নির্বাচনের পর্যবেক্ষক জোট, ই-ডব্লিউ-জি বলছে, ব্যাপক অনিয়ম আর সহিংসতার কারণে এই নির্বাচনকে তারা বিশ্বাসযোগ্য বলে মনে করে না।
তবে নির্বাচন অবাধ আর সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। একই দাবি করেছে শাসক দল আওয়ামী লীগও।
২৮ এপ্রিলে অনুষ্ঠিত হওয়া তিন সিটি কর্পোরেশনেই মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
-বিবিসি বাংলা