রংপুর কোর্ট জামে মসজিদ কমপ্লেক্সের ২য় তলা নির্মাণের মাত্র ১৮ বছরে ছাদ ধ্বসে পড়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, রংপুর মহানগরীর জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন কাঁচারি বাজার এলাকায় শুক্রবার (১লা মার্চ) দিবাগত রাত ১১টায় ব্যাবসায়ীরা যখন দোকানপাট বন্ধ করছিল। ঠিক সেই সময় হঠাৎ কমপ্লেক্সের ২য় তলার ছাদ ধ্বসে পড়ে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঝুঁকিতে রয়েছে অত্র প্রতিষ্ঠানের কমপক্ষে ২৩টি দোকানের মালিক ও কর্মচারিরা। ২০০০ সালে নির্মিত কমপ্লেক্সটি মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই কেনো হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটলো তা কারো বোধগম্য নয়। ইতোপূর্বে রংপুর জেলা প্রশাসক কমপ্লেক্সটি পরিচালনা করলেও বর্তমানে রংপুর জর্জ কোর্ট ভবনটি পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শী আঃ রশিদ, মোঃ রফিকুল ইসলা, প্রিন্স, এ্যাডঃ হারুন বলেন, ‘আমরা সবাই দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলাম। এই সময় ভবনটির একাংশের ছাদ ধ্বসে পড়ে। মুহূর্তের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসি। বর্তমানে আতংকে আছি, কখন না জানি কি হয়। তাই যত দ্রুত সম্ভব ভবনটি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সংস্কার করা হোক।’
এ ব্যাপারে সাধারণ ক্রেতা মিলিনিয়াম স্টার স্কুলের মোঃ শাহিন বলেন, ‘আমরা বন্ধুরা এখানের ক্যাফে আওয়াজে নিয়মিত আসি। কিন্তু ছাদ ধ্বসের ঘটনা জানতে পারায় আমরা সবাই দ্রুত চলে যাচ্ছি। আমরা মনে করি ঝুঁকিপূর্ণ এই ভবনটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
আরও পড়ুনঃ সাবেক সচিব মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদীর পরলোকগমন
এ ব্যাপারে মার্কেট কমিটির সভাপতি আলহাজ্জ্ব নুরুল হক মুন্না ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে ব্যবসা করা সম্ভব নয়। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে যত তাড়াতাড়ি সম্ভব ভবনটি সংস্কার করা দরকার। নয়তো যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।’
ইত্তেফাক/নূহু