দর্শকপ্রিয় জুটি

 
বলিউডে জুটি তকমাটি স্থায়ী না হলেও একই ছবির মধ্য দিয়ে দু’জনের সফল অভিষেক দর্শক মনে বেশ দাগ কাটে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়েই দর্শকদের নজরে এসেছেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। দু’জনের প্রথম ছবিতেই একসাথে এতটা আলোচনা দু’জনের ক্যারিয়ারেরই মোড় ঘুরিয়ে দেয়। দর্শকরাও বেশ পছন্দ করেন তাদের রাসায়ন। দু’জনের ক্যারিয়ারের ঝুলিতে এ পর্যন্ত জমা পড়েছে বেশ কিছু ছবি। দু’জনকে একই পর্দায় এরপর দেখা যায় আরও দু’বার। দিনে দিনে বলিউডপাড়ায় জল অনেকদূর গড়ালেও পর্দায় দু’জনের রসায়ন দর্শক এখনও ভুলতে পারেনি। দু’জনেই ভিন্ন ভিন্ন ছবিতে দর্শকের নজর কাড়লেও বরুণের পাশে মহেশ কন্যা আলিয়াকেই দেখতে চান দর্শক। সম্প্রতি এক অনলাইন জরিপে জানা যায় বরুণের নায়িকা হিসেবে আলিয়া ছাড়া অন্য কোনো বলিউড সুন্দরীকে মানতে পারছেন না দর্শকরা।
 
এই জরিপের দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর।
 
এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘বরুণের সাথে আমার জুটির প্রথম ছবি থেকেই দর্শকদের বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে কোনো পরিকল্পনা থেকে পরবর্তীতে আর জুটিবদ্ধ হয়ে কাজ করা হয়নি। জুটি বিষয়টি বলিউডের পর্দায়  বেশি দিন স্থায়ী না হলেও দর্শকদের কাছে জুটি বিষয়টি বেশ মূল্যবান। দর্শকদের ভালোবাসার জন্যই আমাদের পরবর্তী আরও দুটি ছবিতে একসাথে অভিনয় করা। ’