মাহির ওয়ার্নিং

 
সর্বশেষ জুলিয়েট হয়ে দর্শকের সামনে এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার দর্শকরা তাকে দেখতে পাবেন একজন সাংবাদিকের চরিত্রে। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রে তার সাথে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। অবশ্য মাহি-শুভর এটা দ্বিতীয় ছবি। ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রটি আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাবে। মাহির জন্য ‘ওয়ার্নিং’ এক নতুন চ্যালেঞ্জ। কারণ গত বছরের শেষপ্রান্তে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ‘অনেক সাধের ময়না’, চলতি বছরের শুরুর দিকে মুক্তিপ্রাপ্ত ‘রোমিও জুলিয়েট’ দুটি চলচ্চিত্রই ভালো ব্যবসা করেছে। যদি ‘ওয়ার্নিং’ খুব ভালো ব্যবসা করে তাহলে সাফল্যের ধারাবাহিকতায় ‘হ্যাট্রিক’ করবেন তিনি।
 
মাহি কতটুকু আশাবাদী? প্রশ্নের জবাবে একটু মুচকি হাসি দিয়েই মাহি বলেন, ‘দেখুন যখন কাজ করি তখন খুব আত্মবিশ্বাস নিয়েই কাজ করি। যে কারণে আমার অভিনীত প্রতিটি চলচ্চিত্র নিয়েই আশা থাকে অনেক বেশি। তবে ‘ওয়ার্নিং’র ক্ষেত্রে একটু বেশি আশা এ কারণেই যে এই চলচ্চিত্রের সবকিছুই খুব ভালো হয়েছে। আমার নিজের কাছে চলচ্চিত্রটি খুব ভালো লেগেছে। দর্শকের কাছে ভালো লাগলেই আমার তৃপ্তি।’ তিনি আরও বলেন, ‘ওয়ার্নিং’-এর ছবির গল্পে যেমন নতুনত্ব আছে, ঠিক তেমনি গানে, লোকেশনে ভিন্নতা আছে। দর্শক যে ধরনের চলচ্চিত্র দেখতে মুখিয়ে থাকেন ‘ওয়ার্নিং’ ঠিক তেমনি একটি চলচ্চিত্র। আমাদের বিশ্বাস দর্শক একবার হলে গেলে বারবার একই চলচ্চিত্র দেখতে হলে যাবেন।’ বর্তমানে মাহি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি টু’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ছবির শুটিংয়ের জন্য মাহি আগামী পরশু রাতে কলকাতায় যাবেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে আছেন নায়ক ওম।