ছোটবেলা থেকেই মারজান জেনিফার স্বপ্ন ছিল রুপালি পর্দার নায়িকা হওয়ার। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। সম্প্রতি রুপালি পর্দায় অভিষেক হয়েছে এই তরুণীর। ঢাকাই চলচ্চিত্রের নতুন এই নায়িকার বর্তমানের হালহকিকত জানাচ্ছেন অজেয় চৌধুরী
‘মনের লালিত স্বপ্ন যখন পূরণ হয়, তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সেই সাথে নিজের চেষ্টা ও শ্রমেরও মূল্যায়ন হয়,’ এমনি করে নিজের রুপালি পর্দায় অভিষেক হওয়া নিয়ে বললেন ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা মারজান। আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ নামের চলচ্চিত্রে মারজানের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন আরিফিন শুভ। ছবিতে অভিনয় প্রসঙ্গে মারজান জেনিফা বলেন, ‘এখানে জারা চরিত্রে অভিনয় করেছি। সে একজন ডাক্তার। ছবির কাহিনি পেশাদার খুনিদের নিয়ে। ছবিতে দেখা যাবে, একটা সময় আমাকে খুন করার জন্য একজন কিলার আসে। কিন্তু খুন নয়, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। সবমিলিয়ে চরিত্র বেশ মজার। প্রথম ছবি হিসেবে অভিনয়টা আমি দারুণভাবে এনজয় করছি।’ তিনি আরও বলেন, ‘আমি নতুন হলেও ইউনিটের সবার সহযোগিতাপূর্ণ মনোভাব আমার ভালো লেগেছে। এজন্য পরিচালকসহ সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার স্বপ্ন হলো নিজেকে ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করা। আশা করি, সবার সহযোগিতা আর নিজের পরিশ্রমের মাধ্যমে সেই জায়গায় পৌঁছতে পারব।’ মার্চ থেকে শুরু হওয়া এই ছবির কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে দ্বিতীয় লটের শুটিং চলছে। ছবিতে প্রেম, কমেডি, অ্যাকশনের পাশাপাশি ছবির নামের সঙ্গে মিলিয়ে ভ্রমণের দৃশ্যও রয়েছে। ‘মুসাফির’ ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করবেন নাভেদ ও ইমরান।