প্রায় ছয় বছরের বিরতির পর এক হলেন তিন ভাই। কৈশোরের প্রেমপর্ব পেরিয়ে এবার নিজেদের বাস্তব জীবনের জীবনসঙ্গিনীদের নিয়ে তারা তাদের নতুন গান ও গানের ভিডিও প্রকাশ করলেন। জোনাস ভাইদের নতুন গান ‘সাকার’। সেই মিউজিক ভিডিওয়ে নিক জোনাস, কেভিন ও জো জোনাসকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, ড্যানিয়েল জোনাস ও সোফি টার্নারের সঙ্গে।
শুক্রবার রাতেই নিজেদের ফিরে আসার কথা জানান জোনাস ভাইয়েরা। প্রিয়াঙ্কা সেই খবর ইন্সটাগ্রামে শেয়ারও করেন।
অ্যানি অ্যাভিড নামে জোনাস ভাইদের এক ফ্যান টুইটারে লিখেছেন, ‘মনে হচ্ছে গোটা মিউজিক ইন্ডাস্ট্রিটারই পুনর্জন্ম হল।’
আরো পড়ুন: আল্লাহর ৯৯ নামে কোনো সহিংসতা নেই, ওআইসিতে সুষমা স্বরাজ
একজন আবার লিখেছেন, ‘এই গানটি শুনে হতাশা কাটিয়ে উঠলাম। আশা করছি ২০১৯ সালটা এবার ভালো যাবে।’
বেশিরভাগ ভক্তই ‘গিআইএফ’ এর মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার এই ভিডিওটিকে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড'-এর ভিডিওর সঙ্গে তুলনা করেছেন।
২০০৫ সালে নিক, কেভিন ও জো কাজ শুরু করেছিলেন। ডিজনি চ্যানেলের সৌজন্যে জোনাস ভাইদের নাম এক সময়ে ঘরে ঘরে ছড়িয়ে পরেছিল। ২০১৩ সালে জোনাস ব্রাদার্স তাদের দলের আনুষ্ঠানিক ভাঙনের ঘোষণা করে। এরপর তিন ভাই কেভিন, জো ও নিক তাদের নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কেউ গান নিয়েই থাকেন, কেউ নাম লেখান অভিনয়ে, কেউ আবার টেলিভিশনে নিজেকে থিতু করার চেষ্টা করেন। এর মাঝে প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জোনাস। তবে এবারের ‘সাকার’ গান ও এর ভিডিওটি প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল, জোনাস ব্রাদার্সের সময় ফুরিয়ে যায়নি।
ইত্তেফাক/বিএএফ