রাজধানীর বনানী সুপার মার্কেট এলাকায় বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানকালে গুলিতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তারা হলেন- জামাল হোসেন (৩০), শেখ রানা (২৬), আব্দুল হালিম (৩৫), মিন্টু সরকার (২৮), খোকন (৩৬) ও আলমগীর হোসেন (৩৫)।
বনানী থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, বৃহস্পিতবার বেলা এগারটার দিকে সিটি করপোরেশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বনানীর সুপার মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ শুরু হয়। এসময় দোকানীরা হামলা চালালে ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে বাঁচাতে গিয়ে পুলিশ শটগানের গুলি চালাতে বাধ্য হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, ঐ ঘটনায় ১০ জনের মতো আহত হয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়। তাদে কে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ৬ জনকে ঢাকা মেডিকেল এবং একজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুটপাতের ব্যবসায়ীদের অভিযোগ, কোন ধরনের নোটিশ না দিয়েই হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রতিবাদ জানাতে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, উচ্ছেদ শুরু করলে ব্যবসায়ীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায় তারা ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করার চেষ্টা করেন। তাদের কবল থেকে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করতে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনার পরপর গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব হাসান ও গোলাম মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।