দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বলেছেন, দুর্নীতির কুফল দেশের অর্থনীতিকে ধ্বংস করে এবং নানা অনিয়ম ও অন্যায় সমাজকে দুর্নীতির বিকারগ্রস্ত করে। বৃহস্পতিবার দুদক চেয়াম্যান নোয়াখালী পৌর হলে নোয়াখালী দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
বদিউজ্জামান বলেন, দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে হলে দুর্নীতিবাজদের ঘৃণা করুন, প্রতিহত করুন। অন্যায় ও অনিয়ম থেকে বিরত থাকুন। তাহলে একদিন দুর্নীতি প্রতিরোধের সুফল বয়ে আসবে।
দুদক চেয়াম্যান বলেন, অধিকাংশ দুর্নীতিবাজ সমাজের উচ্চ শ্রেণীর। তারা অনেক শক্তিশালী। তাদেরকে আইনের আওতায় আনতে অনেক বাধার মুখে পড়তে হয়। তারপরও দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। সমাজে দুর্নীতি যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে তিনি আহ্বান জানান।
জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মমিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক সচিব মোঃ আতাউর রহমান ও নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন জেলা দুদকের পরিচালক নিরপদ স্বর্ণকার ও গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী ।