সিইসির পদত্যাগসহ নতুন নির্বাচনের দাবি সম্মিলিত পেশাজীবীর

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী সিইসির পদত্যাগসহ নতুন নির্বাচনের দাবি জানান।
ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয়ী করতে প্রশাসন ও নির্বাচন কমিশন এক হয়ে কাজ করেছে বলে অভিযোগ করে করেন তিনি। 
 
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি ও সহিংস এবং প্রহসনের নির্বাচনের প্রতিবাদে’ এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
 
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক এ সভাপতি বলেন, নির্বাচন বর্জন ছাড়া বিএনপি‘র উপায় ছিল না। কারণ দুপুরের পর থেকে ঢাকায় ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৮০ শতাংশ ভোট কেন্দ্রই দখল করে ফেলে আওয়ামী ক্যাডারা। তারা কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করেছে। আর ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয়লাভ নিশ্চিত করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন এক হয়ে তাদের সাহায্য করেছে। তাই এই প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তার কমিশনারদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
 
তিনি আরও বলেন, ২৮ এপ্রিল নির্বাচনে ক্যু'র এক দানবীয় রূপ দেশ দেখেছে। এ ঘটনায় বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও অসন্তোষ প্রকাশ করেছে।