কোন আইনে ইংরেজিতে বিজ্ঞাপন জানতে চেয়েছে হাইকোর্ট

ইলেকট্রনিক মিডিয়ায় বিদেশে নির্মিত বিজ্ঞাপন চিত্র-প্রজ্ঞাপন বিদেশি উচ্চারণে বাংলা ভাষায় প্রচারে কোনো আইন থাকলে তা আদালতের কাছে উপস্থাপন করতে বলেছে হাইকোর্ট। 
 
আদালত মনে করে, যেসব ক্ষেত্রে ইংরেজি ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে সেসব ক্ষেত্রে বাংলা ব্যবহারের পাশাপাশি সীমিত পরিসরে শুধু প্রয়োজনীয়তার লক্ষ্যে তা ব্যবহার করা যাবে। 
 
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। মন্ত্রী পরিষদ সচিব ও তথ্য সচিবকে এ বিষয়ে জবাব দিতে ২৭ মে পরবর্তী দিন ধার্য করেছে আদালত।     
 
আদেশে বলা হয়, মন্ত্রী পরিষদ সচিব ও তথ্য সচিবকে সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানারসহ ইলেকট্রনিক মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন প্রচার বন্ধে আদেশ জারি করছে। আরো লক্ষ্যণীয় যে ইলেকট্রনিক মিডিয়াতে বিদেশ হতে নির্মিত বিজ্ঞাপন চিত্র, প্রজ্ঞাপন বিদেশি উচ্চারণে বাংলা ভাষায় প্রচার হচ্ছে। এক্ষেত্রে কোনো আইন থাকলে তা আদালতের কাছে উপস্থাপন করে জবাব দিতে বলা হলো।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 
 
আদেশের পর তাপস কুমার বিশ্বাস বলেন, আদেশ বাস্তবায়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে এর আগে মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবের পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হয়। আদেশ বাস্তবায়নের সবশেষ অবস্থা জানিয়ে ২৭ মের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।