ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সহিংসতার কারণে দক্ষিণের ৮, ৩৪ ও ৫৩ নম্বর ওয়ার্ডের গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছে। এই তিন ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ হবে।
গেজেট প্রকাশের সত্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম রাতে ইত্তেফাককে বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনের পর রাতেই গেজেট প্রকাশের জন্য নির্বাচিতদের তথ্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। তিনি জানান, ঢাকা দক্ষিণের তিনটি কেন্দ্র স্থগিত করা হয়েছিল। তিন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীদের ভোটের ব্যবধান কম হওয়ায় পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণের তিনটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে সহিসংতার ঘটনা ঘটে। এগুলো হল-বংশালের সুরিটোলা, আশরাফ উদ্দিন বিদ্যালয় ও কমলাপুর স্কুল কেন্দ্র।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান বলেন, তিনটি ওয়ার্ডের কাউন্সিল পদ ছাড়া মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৯ জন নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, ঢাকা উত্তরে মেয়র পদে আনিসুল হক, ৩৬ সাধারণ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। এছাড়া দক্ষিণে মেয়র সাঈদ খোকন, ৫৪ সাধারণ কাউন্সিলর এবং চট্টগ্রামে মেয়র পদে আ জ ম নাছিরসহ ৪১ সাধারণ কাউন্সিলর ও ১৪ সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, এসব গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয় শপথের ব্যবস্থা নেবেন। মেয়রদের শপথ করাবেন প্রধানমন্ত্রী। কাউন্সিলরদের শপথ করাবেন বিভাগীয় কমিশনার।