দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় চতুর্থ অংশীদারিত্ব সংলাপ শুরু হয়। দুটি পর্বে এই সংলাপ হচ্ছে। প্রথম দিন হয়েছে ওয়ার্কিং সেশন। আজ দ্বিতীয় দিন হবে প্লেনারি সেশন। এই সেশনে অংশ নিতে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ওয়েন্ডি শারম্যান ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালসহ বেশ ক’জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন শারম্যান ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক।
গতকালের ওয়ার্কিং সেশনে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন ফেল্ড স্টেইন নেতৃত্ব দেন। বিকেল পাঁচটা পর্যন্ত চলা বৈঠকে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয়। দুই দিনের সংলাপ শেষে আজ দুপুরে যৌথ সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।