সংখ্যালঘু হয়রানি অব্যাহত আছে

 
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হয়রানি এবং নির্যাতন অব্যাহত রয়েছে। সংখ্যালঘুদের জমি দখলের কাজও চলছে। গতকাল বৃহস্পতিবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা সম্পর্কিত এক রিপোর্টে এ কথা বলেছে মার্কিন সরকারের দ্য কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। রিপোর্টে চলতি বছর দুইজন ব্লগার নিহত হওয়ার বিষয়টিও উঠে এসেছে।
 

রিপোর্টে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও উল্লেখ করা হয়। নির্বাচন পরবর্তী সময়ে দেশের ১৬টি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্মাবলম্বী অনেকের বাড়ি-ঘর লুট করা হয়। এমনকি অনেকের বাড়িতে আগুনও দেয়া হয়। কমিশন সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের জমি গ্রাস করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।  পার্বত্য শান্তি চুক্তির বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সরকার তাদের জানিয়েছে, চুক্তির ৭২ টি অনুচ্ছেদের মধ্যে ৪৮টি পুরোপুরি, ১৫টি আংশিক পূরণ করা হয়েছে। ৯টি এখনো পূরণ করা বাকি আছে। তবে ওই এলাকার মানুষ বলছে, ২৫ টি অনুচ্ছেদের বাস্তবায়ন করা হয়েছে। প্রতিবেদনে মার্কিন সরকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারি কর্মকর্তাদের ধর্মীয় সহিংসতা বন্ধের বিষয়ে আহবান জানানোর পরামর্শ দেয়া হয়।