নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুমনা আক্তার (১১) ও আবদুল্লা আল মামুন (২৫), রোজী বেগম (৬১) ও সিএনজিচালক আবুল নাসের (৪০)।
আহতরা হলেন-রোজী বেগমের স্বামী বাবুল মিয়া (৭০) ও মেয়ে মৌসুমী আক্তার (১৮) ও স্বপ্না রাণী (২৫)।
জানা যায়, সকালে পপুলার এক্সপোর্ট-ইমপোর্টের মাটিকাটার বুলডোজার বসুরহাট থেকে চাঁড়াভিটির দিকে যাওয়ার সময় বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমনা ও মামুন মারা যান। হাসপাতালে নেয়ার পথে নাসের ও হাসপাতালে রোজী বেগম মারা যান। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বুলডোজারের চালক সাদ্দাম হোসেন (২৯)-কে গ্রেফতার করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।