রাজবাড়ীর পাংশা উপজেলাধীন শরিষা ইউপির বহলাডাঙ্গায় এক সৌদি প্রবাসীর বাড়িতে বৃহস্পতিবার রাতে চরমপন্থী অস্ত্রধারীরা ডাকাতির চেষ্টা করেছে। এ সময় ব্যর্থ হয়ে বাড়ির বসত ঘরের দরজা লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে তারা। ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ’ শ্লোগান দেয়া অস্ত্রধারীরা ওই বাড়ির লোকজনদের ঘর থেকে বের করতে বোমার বিস্ফোরণ ঘটায় ।
সৌদি প্রবাসী মো. ফজলুল হক বলেন, ‘‘আমি প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছি । প্রতি বছরেরই বাড়িতে আসি। এবারও আমি গত ২৫ এপ্রিল সোমবার বাড়িতে এসেছি। বৃহস্পতিবার মাঝরাতে একদল অস্ত্রধারী এসে আমার ছোট ভাই নজরুল ইসলামের নাম ধরে ‘আমরা পার্টির লোক, দরজা খুলেন, আপনাদের সাথে কথা আছে’ বলে ডাকাডাকি করতে থাকে। আমি ও বাড়ির সবাই চিৎকার করতেই তারা আমাদের ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে । দরজা লক্ষ্য করে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটায়। প্রতিবেশীদের চিৎকারে লোকজন জড়ো হতে দেখে অস্ত্রধারীরা ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ’ শ্লোগান দিতে দিতে চলে যায় । এ ঘটনায় এলাকার জনমতে আতঙ্ক বিরাজ করছে ।’’
পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে ।
শরিষা ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান বলেন, ‘এরকম একটা ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। প্রশাসনের উচিত প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা।’