নেত্রকোনার পূর্বধলায় রনি রহমান (২৮) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পূর্বধলা থানার পুলিশ। শুক্রবার বিকেলে পূর্বধলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা জেলা সদরের গজিনপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত রনি রহমান ও অপর দুই ব্যক্তি পূর্বধলা বাজারের এগ্রোফ্রাই রেস্টুরেন্টে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদানের জন্য রেস্টুরেন্টের মালিক অলিউল্লাহকে চাপ প্রয়োগ করেন। এ সময় অলিউল্লাহ কিছুটা জরিমামানা মওকুফের আশায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলেন।
নির্বাহী কর্মকর্তা ওই মুঠোফোনেই ম্যাজিস্ট্রেট দাবিদার রনি রহমানের সাথে কথা বললে তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করেন। এতে নির্বাহী কর্মকর্তার সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট রনি রহমানকে আটক করে। এ সময় অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।
পূর্বধলা থানার অফিসার -ইন-চার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় এগ্রোফ্রাই রেস্টুরেন্টের মালিক অলিউল্লাহ বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।