তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের পর একটি শীর্ষ সংবাদপত্রের প্রথম পাতায় সম্প্রতি ‘হারলো গণতন্ত্র’ লেখা দেশে গণতন্ত্রের অক্ষুণ্ণতাই প্রমাণ করেছে। সরকার সকলের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে যেমন বদ্ধপরিকর, তেমনি গণমাধ্যমের কাছেও বস্তুনিষ্ঠতা আশা করে উল্লেখ করে তিনি বলেন, অর্ধসত্য পরিবেশনে গণমাধ্যমের পবিত্রতা নষ্ট হয়।
শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ‘সাংবাদিক ক্লাব এন্ড ক্যাফে’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
‘সাংবাদিক ক্লাব এন্ড ক্যাফে’র পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।
উন্নয়নের জন্য সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গীর ওপর জোর দিয়ে হাসানুল হক ইনু বলেন, যারা একটি অর্ধেক ভরা পাত্রের শুধু খালি অংশটুকু দেখে, তারা কার্যত পক্ষপাতিত্বের মাধ্যমে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়। এ ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করা মূলত: গণতন্ত্রে খাল কেটে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কুমীর আনার মতো।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাগো বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অরণ্যা হক, দৈনিক মুক্তখবরের নগর সম্পাদক ফিরোজ আলম মিলন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।