মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (০৮) সাজিদুল ইসলাম (২০) নামের এক যুবক জোর পূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । ওই ছাত্রী স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ধানখোলা গ্রামের গোরস্থান পাড়া এলাকার একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সাজিদুল ইসলাম পলাতক রয়েছে।
সেতুর পিতা তহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে জনৈক আবুল কাশেমের লিচু বাগানে ওই ছাত্রীসহ কয়েকজন সহপাঠী লিচু পাড়তে যায়। এ সময় ধানখোলা গ্রামের সাজিদুল এদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সাজিদুল। হত্যার হুমকি উপেক্ষা করে ওই ছাত্রী ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।
ওই ছাত্রীর মা মমতাজ বেগম জানান, সাজিদুল এর আগেও দুইজন মেয়েকে ধর্ষণ করেছে। কেউ কোন প্রতিবাদ না করার কারণে বারবার সাজিদুল এমন ঘটনা ঘটাচ্ছে। তিনি সাজিদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা বলেন, ‘সাজিদুল লম্পট শ্রেণীর হওয়ার কারণে বেপরোয়া জীবন যাপন করে। তার অপকর্মের কেউ প্রতিবাদ করলে সে নানা ধরনের হুমকি দিয়ে থাকে।’
সাজিদুল ইসলামের মা এসব কথা স্বীকার করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শনিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে।