বিএনপি পরবর্তী কর্মকৌশল শিগগিরই ঠিক করবে: হান্নান শাহ

সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি পরবর্তী কর্মকৌশল শিগগিরই ঠিক করবে বলে জানিয়েছেন দলের নীতি-নির্ধারকদের অন্যতম আ স ম হান্নান শাহ।
 
শনিবার শ্রমিক দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ সাংবাদিকদের বলেন, দলের পরবর্তী কর্মকৌশল নির্ধারণে শিগগিই নীতি-নির্ধারণী বৈঠক হবে।
 
নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাইনি কেন এমন প্রশ্নের জবাবে আ স ম হান্নান শাহ বলেন, ‘আমরা নীরব প্রতিবাদ করেছি। আমরা মনে করি, এটা ঠিক করেছি।’
 
সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসা বিএনপি ভোট জালিয়াতির অভিযোগ করলেও কোনো কর্মসূচি দেয়নি।
 
কবে নাগাদ আন্দোলনের পরবর্তী কর্মসূচি আসবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলাম। আমরা কখনোই সময়, দিক ও শক্তির কথা প্রকাশ করি না। আন্দোলনের পরবর্তী কর্মসূচির কথা বলছেন, অপেক্ষা করতে হবে।’
 
গত মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণের মাঝ পথে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। তিন সিটিতে হেরেছে দলটি সমর্থিত প্রার্থীরা।