বাগেরহাটে কালবৈশাখি ঝড়ে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড

বাগেরহাটে কালবৈশাখি ঝড়ে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় অন্তত তিনজন আহত হয়েছেন। 
 
শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে কালবৈশাখি ঝড়ে এসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
 
শনিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক ও  স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন।
 
বেমরতা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সাজেদা বেগম শুনু এই প্রতিবেদককে বলেন, শুক্রবার সন্ধ্যায় মূষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে ওই বাতাসে আনোরডাঙ্গা বাজারের ২২টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায়। কালবৈশাখি ঝড় এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল। ঝড়ে ওই ব্যবসায়ীদের অন্তত সাতটি দোকান পাশের খালে পড়ে রয়েছে।
 
ঝড়ে টিনের চাল ও কাঠের বেড়া উড়িয়ে নিয়ে গেছে। দোকানের চাল, ডাল, আটা, ময়দা ভিজে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
 
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম এই প্রতিবেদককে বলেন, কালবৈশাখি ঝড়ে আনোরডাঙ্গা বাজারের ২২টি ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য দেয়া হবে।