রাজধানীর যাত্রাবাড়িতে একটি পাঁচ তলা ভবনের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শনিবার দুপুরে মেহেরীন আশরাফি তানিয়া (২১) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।
যাত্রাবাড়ি থানার ওসি অবনী শংকর জানান, শনিবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীর ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তানিয়ার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তরুণীর স্বামী সুমন ৫/৬ দিন আগে ফ্ল্যাটে তালা দিয়ে নিরুদ্দেশ হয়ে যান।
তিনি জানান, বাড়ির ভেতর থেকে তীব্র র্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে রান্না ঘরের একটি খালি জায়গা থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।