ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাজ্যসহ বিদেশীরা হতাশ এবং ৩ হাজার কেন্দ্রে সহিংস ঘটনা ঘটেছে এমন মন্তব্যের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ফাঁকা বুলি আওড়াবেন না। নির্বাচন নিয়ে কোন কথা থাকলে তথ্য প্রমাণ হাজির করে কথা বলুন। ৩ হাজার কেন্দ্রে সহিংস ঘটনা তো দূরের কথা ১৫০ কেন্দ্রর সহিংস ঘটনার কথা কেউ প্রমান করতে পারবে না।
তিনি বলেন, নির্বাচন নির্বাচনই। নির্বাচন সঠিক নিয়মতান্ত্রিকভাবে ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এ দেশের কর্ম পরিকল্পনা, নীতি নির্ধারণ আমরাই ঠিক করবো। নির্বাচন নিয়ে ভুল ক্রুটি হলে আমরাই দেখবো। এ ব্যাপারে জাতিসংঘ সহ বিদেশীদের কোন কথা বলার প্রয়োজন নেই।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ নিজাম উদ্দিন লাইট, জেলা জাসদর সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, উপজেলা আওয়ালীগের সহ সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম ও মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মুরাদ হোসেন।