ধলপুরে বহুতল ভবন হেলে পড়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে লিচুবাগান এলাকায় সাততলা একটি ভবন হেলে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

 
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ে। সকাল সাড়ে আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলেন। পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়।
 

যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহজাহান বলেন, ঘটনাস্থলে রাজউক কর্মকর্তারাও এসেছেন। কেন ভবনটি হেলে পড়েছে তা  খতিয়ে দেখা হচ্ছে। রাজউকের পরিচালক উন্নয়ন ও নিয়ন্ত্রণ গোলাম মোস্তফা বলেন, সাততলা বাড়িটি হেলে পড়েছে। সম্ভবত সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে এই ঘটনা ঘটতে পারে। বাড়িটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বুয়েটের একটি বিশেষজ্ঞ কমিটিকে বিষয়টি তদন্ত করতে চিঠি দেয়া হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুয়েটের পরীক্ষা-নিরীক্ষার পরই ভবন ভাঙ্গার ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করা হবে।