নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি ভোট বর্জন করে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। বিএনপি নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্যই ভোট গ্রহণের ৩/৪ ঘণ্টা পর নির্বাচন বর্জন করে। তারা প্রমাণ করতে চেয়েছিল, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু এ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নেমে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেও সফল হননি।

 
গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘসহ বিদেশি কূটনীতিকরা যা বলছেন তা তাদের রুটিন ওয়ার্ক হিসেবে আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির নির্বাচন বর্জনে কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগের পাঁচটি সিটি নির্বাচনে হার  থেকে শিক্ষা নিয়ে, ভুল সংশোধন করে পরিকল্পিতভাবে মাঠে নামায় এবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয় হয়েছে। তবে নির্বাচনে কোনো সমস্যা হয়ে থাকলে সেটা কমিশন দেখবে। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনেও প্রতিশ্রুতি রক্ষা করে আমরা বিজয়ী হবো। এই লক্ষ্য অর্জনের জন্যই আমরা এখন কাজ করছি।
 
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙ্গাল, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নূরুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ড. শাহাদত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিম মাহমুদ চৌধুরী এমপি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ। বৈঠকের শুরুতে ১৪ দলের নেতৃবৃন্দ সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত তিন মেয়রকে অভিনন্দন জানান।
 
তৃণমূলে ১৪ দলকে আরো সংগঠিত করার পরামর্শ
 
সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা ক্ষমতাসীন এ জোটকে তৃণমূল পর্যায়ে আরো সংগঠিত করার পরামর্শ দিয়েছেন। সভায় সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে জোটগতভাবে প্রার্থী সমর্থন এবং নির্বাচনে অংশ না নিতে পারার বিষয়েও সমালোচনা করেছেন জোটের নেতারা। জোটের নেতারা বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিলো, প্রকৃতভাবে অংশ নেয়ার জন্য নয়। তারা পূর্বপরিকল্পিতভাবে নির্বাচনে অংশ নিয়ে আবার নির্বাচনের দিন বর্জনের ঘোষণা দিয়েছে।
 
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই ৩টি সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
 

গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।