সালাহ উদ্দিনকে অক্ষত ফেরতের দাবি বিএনপির


বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত দিতে সরকারের কাছে ফের দাবি জানিয়েছে বিএনপি ও তার পরিবার।

বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার উচ্চ আদালতের নির্দেশক্রমে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেবে। এদিকে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ৫৩ দিনেও স্বামীকে খুঁজে না পেয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। স্বামীকে খুঁজে পেতে একাধিকবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।


শনিবার সালাহ উদ্দিনের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। রিপনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল হাসিনা আহমেদকে সমবেদনা জানান। বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম এসময় উপস্থিত ছিলেন।