আইপিএলের শনিবারের প্রথম ম্যাচে দারুণ জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে শেষ ওভারে গড়ানো শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের মারমুখী ব্যাটিংয়ে ৪ উইকেটে ১১১ রান করে কলকাতা।
রান আউট হওয়ার আগে ৪৫ রান করেন রাসেল। ব্যাঙ্গালোরের পক্ষে ১টি করে উইকেট নেন মিচেল স্ট্যার্ক, ডেভিড ওয়েইজ ও ইউভেন্দু চাহাল।
রান আউট হওয়ার আগে ৪৫ রান করেন রাসেল। ব্যাঙ্গালোরের পক্ষে ১টি করে উইকেট নেন মিচেল স্ট্যার্ক, ডেভিড ওয়েইজ ও ইউভেন্দু চাহাল।
জবাবে ক্রিস গেইল (২১) ও বিরাট কোহলির (৩৪) ব্যাটে উড়ন্ত সূচনা পায় ব্যাঙ্গালোর। পরে মান্দিপ সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় তুলে নেয় দলটি।
শেষ ওভারে ১২ রান দরকার ছিল ব্যাঙ্গালোরের। মান্দিপ ঝড়ে ২ বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় তারা। ওই ওভারের প্রথম দুই বলে ৩ রান নেওয়ার পর দুই ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৪৫ রান করে অপরাজিত থাকেন মান্দিপ।
কলকাতার পক্ষে ১টি করে উইকেট নেন ব্র্যাড হগ, পিযুশ চাওলা ও রাসেল।
এই জয় নিয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে আসা ব্যাঙ্গালোরের পয়েন্ট ৮ ম্যাচে ৯। চার নম্বরে নেমে যাওয়া কলকাতার পয়েন্টও ৯, তবে রান রেটে পিছিয়ে আছে তারা।