ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে বর্জন করলেও আপাতত হরতাল-অবরোধের মত কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। শনিবার বিবিসির ‘বাংলাদেশ সংলাপে’ বিএনপি নেতা আ স ম হান্নান শাহ এই মন্তব্য করেন।
হান্নান শাহ মনে করেন, বর্জন সত্ত্বেও এই নির্বাচনে বিএনপি নৈতিকভাবে বিজয়ী হয়েছে।
তিনি বলেন, প্রহসন হয়েছে এ নির্বাচনে। এবার সবাই দেখেছেন, মানুষের দাবি হল এইটার ফলাফল বাতিল করে দিয়ে আবার সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়া।
হান্নান শাহ বলেন, হরতাল বা অবরোধের মতো কর্মসূচি আসবে কিনা সেটি নির্ভর করবে ভবিষ্যতের পরিস্থিতির উপর। তিনি বলেন, এতকিছুর পরেও আমরা কিন্তু রাস্তায় যাইনি। আমাদের বিরুদ্ধে যে বলা হয় আমরা জঙ্গি , এটা করি ওটা করি সেটা কিন্তু এবার হয় নি।
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন, বর্জনের পরেও বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে সেটি দলটির জন্য উত্সাহব্যঞ্জক হতে পারে। বিএনপিকে সংগঠিত হতে হবে বলে তিনি মনে করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপিকে তার রাজনীতি বদলাতে হবে। পোড়ানোর রাজনীতির জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
অনুষ্ঠানে অংশ নেয়া অন্য আলোচকরা মনে করেন সিটি নির্বাচনের প্রেক্ষাপটে রাজনীতিতে যেন সহিংসতা ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ থাকলেও বিএনপি’র নির্বাচন বর্জনকে অনেকেই হতাশাজনক বলে বর্ণনা করেছেন।