ফয়েজ আহমদের জন্মদিন উপলক্ষে শিল্পাঙ্গনে তমালের চিত্র প্রদর্শনী

 
 
 
গ্যালারি শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত ফয়েজ আহমদের জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে শিল্পী এএইচ ঢালি তমালের চিত্র প্রদর্শনী ‘চারণভূমি’। শিল্পী তমালের শিল্প উপস্থাপনা অভিনব। চিন্তার চারণভূমিকে উপস্থাপন করেছেন লোকজ জীবন ও পশু চারণভূমির গল্প বলে। তেমনিভাবে কাঠখোদাইয়ের মতো কাঠের বিকল্প হিসাবে বেছে নিয়েছেন অ্যাক্রাইলিক শিট। এটিও বেশ অভিনব। তমালের ছাপচিত্রমালার অধিকাংশই সাদাকালোয় চিত্রিত। বিষয় হিসাবে এসেছে চিরন্তন বাংলার নিসর্গ, চরাচর আর চরে বেড়ানো ছাগলের ঝাঁক। তবে ছাগলই মুখ্য হয়ে উঠেছে তার ক্যানভাসে।
 
শিল্পাঙ্গন প্রাঙ্গণে গত শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন নিসার হোসেন, শিল্প সংগ্রাহক রুবানা হক। স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গন গ্যালারির পরিচালক রুমী নোমান। তমালের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে ফয়েজ আহমদের স্মৃতিচারণ অনুষ্ঠান।
 
রফিকুন নবী বলেন, বাংলাদেশে ব্যক্তি মালিকানাধীন আর্ট গ্যালারির পথিকৃত্ ছিলেন প্রয়াত ফয়েজ আহমদ। নিসার হোসেন বলেন, নিঃস্বার্থ ব্যক্তিত্বেও উদাহরণ ছিলেন ফয়েজ আহমদ। বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। প্রদর্শনীতে ৫১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ১৪ মে পর্যন্ত।