নিজেদের দুর্বলতা বুঝতে পেরে বিএনপি আন্দোলন থেকে সরে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ। রবিবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেছেন, বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা নেই। তারা ৯০ দিন আন্দোলন করে মানুষকে অবর্ণনীয় কষ্ট দিয়েছেন। নষ্ট হয়েছে কৃষকের ক্ষেতের ফসল। পুড়িয়ে মেরেছে মানুষ। তাই নিজেদের দুর্বলতা বুঝতে পেরে তারা আন্দোলন থেকে সরে গেছেন। মানুষ এখন শান্তি চায় বলেই বিএনপি’র অন্যায় আন্দোলনে শরীক হয়নি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচন থেকে সরে গেছেন। এটি কোন রাজনৈতিক শিষ্টাচার নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশের একমাত্র বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় দেশের মানুষ। সেজন্য তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সাজানো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের এবং মেজর (অবঃ) খালেদ আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির (এ) সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সমপাদক হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সমপাদক এসএম ইয়াসির প্রমুখ।