যশোরে পারিবারিক তুচ্ছ ঘটনায় এক কৃষক খুন হয়েছেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
রবিবার সকাল ৯টার দিকে যশোর সদরের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাহাদুরপুর গ্রামের গোলাম আলী মোল্লার ছেলে রবিউল ইসলাম (৫৫)।
যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী বলেন, সকালে রবিউল ইসলাম বাড়িতে কাজ করছিলেন। এ সময় তার দূরসম্পর্কের মামাতভাই একই এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান ও সুজন নামে দুই যুবক এসে পারিবারিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রবিউলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।