জ্যামাইকাকে জেতাতে ব্যর্থ বোল্ট

 
১০০ মিটার রিলেতে নিজ দেশ জ্যামাইকাকে জয় এনে দিতে পারেননি বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে তার দল।
 
শনিবার বাহামার রাজধানী নাসাউতে অনুষ্ঠিত আইএএএফ বিশ্ব রিলেতে জ্যামাইকার প্রথম তিন অ্যাথলেটের চেয়ে ৫ মিটার এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের তিন দৌড়বিদ মাইক রজার্স, জাস্টিন গ্যাটলিন ও টাইসন গে। তবে চতুর্থ ও শেষ পর্বে উসাইন বোল্ট থাকায় নাটকীয় জয়ের আশা ছিল জ্যামাইকার। কিন্তু ব্যবধান কমাতে পারলেও ঘোচাতে পারেননি তিনি।
 

বোল্টকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের চার নম্বর দৌড়বিদ রায়ান বেইলি ৩৭.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করেন, এটা ১০০ মিটার রিলেতে সপ্তম দ্রুততম টাইমিং। দ্বিতীয় হয়ে দৌড় শেষ করতে ৩৭.৬৮ সেকেন্ড সময় লাগে জ্যামাইকার। এখানে অংশ নেয়া আটটি দলই আগামী বছর রিও দে জেনেইরোর অলিম্পিকে সরাসরি অংশ নেবে।