মুক্তমনা ব্লগ জয় করলো দ‍্য বব্স-এর জুরি অ‍্যাওয়ার্ড



ডয়চে ভেলের দ‍্য বব্স অ‍্যাওয়ার্ড জয় করেছে মুক্তমনা ব্লগ৷ শনিবার জার্মানির রাজধানী বার্লিনে এক দীর্ঘ আলোচনা এবং ভোটাভুটির পর মুক্তমনা ব্লগের রাফিদা বন‍্যা আহমেদকে ‘সামাজিক পরিবর্তন' বিভাগে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা৷

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ‍্যালয় ক‍্যাম্পাসে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায়৷ হামলায় তার স্ত্রী এবং সহব্লগার রাফিদা বন‍্যা আহমেদও গুরুতর আহত হন৷

বাংলাদেশের পুলিশ এখনো এই হামলার কারণ এবং হামলাকারীদের শনাক্ত করতে না পারলেও, ব্লগাররা বিশ্বাস করেন যে উগ্র ইসলামপন্থিরাই নাস্তিক ব্লগার দম্পতির ওপর হামলা চালায়৷ সম্প্রতি ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে রাফিদা বন‍্যা আহমেদও দাবি করেন যে, ধর্মীয় মৌলবাদীরা রায়কে তার লেখালেখির কারণে হত‍্যা করেছে৷

জার্মানির আন্তর্জাতিক সংবাদমাধ‍্যম ডয়চে ভেলে গত কয়েক বছর ধরেই মুক্তমনা ব্লগের দিকে নজর রাখছিল৷ ব্লগার অভিজিৎ রায় হত‍্যাকাণ্ড পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে ডয়চে ভেলে৷

এরপর এপ্রিলে ডয়চে ভেলের দ‍্য বব্স প্রতিযোগিতায় মুক্তমনা ব্লগ, তথা রাফিদা বন‍্যা আহমেদের ব্লগকে মনোনয়ন দেয়া হয়৷ শনিবার দ‍্য বব্স-এর বিচারকরা বার্লিনে এক বৈঠকে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করেন৷ প্রতিযোগিতার অত‍্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘সামাজিক পরিবর্তন' বিভাগে দীর্ঘ আলোচনা এবং ভোটাভুটির পর মুক্তমনা ব্লগকে বিজয়ী ঘোষণা করা হয়৷

আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব‍্য গ্লোবাল মিডিয়া ফোরামে এক অনুষ্ঠানের মুক্তমনা ব্লগার রাফিদা বন‍্যা আহমেদ এই পুরস্কার গ্রহণ করতে পারেন৷ খবর ডয়চে ভেলে।