রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

 
 
 
 
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শেরশাহ সুরী রোডের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার কারণে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম নাসিমা বেগম (২৮)। শনিবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দিকে, রাজধানীর মহাখালীতে ট্রাকের ধাক্কায় নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।
 
মোহাম্মদপুরে নিহত নাসিমা বেগমের আত্মীয় দুলাল হোসেন বলেন, মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডের ২৬/২৩ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি মেসে রান্নার কাজ করতেন নিহত নাসিমা। ওই মেসের সদস্য ফারুক বলেন, ‘রাতে বুয়াকে হঠাত্ দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যাই। ছাদে উঠে দেখি বুয়া নিচে পড়ে আছেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।’
 
এ দিকে, রাজধানীর মহাখালীতে ট্রাকের ধাক্কায় সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম মৌসুমী আকতার (৩৫)। রবিবার ভোরে মহাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে—ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নিহত মৌসুমীর স্বামীর নাম মো. বাবুল মিয়া।
 
বনানী থানা সূত্র জানিয়েছে—ঘটনার খবর পেয়ে পুলিশ মৌসুমী আকতারের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।