বগুড়ায় কাউন্সিলরের পায়ে পুলিশের ৫ গুলি, গ্রেফতার

 
বগুড়ার যুবদল নেতা ও পৌর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা (৪০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও  ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
মাসদু রানা জাতীয়তাবাদী যুবদলের বগুড়া শহর শাখার সভাপতি এবং বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি শহরের ছোট কুমিড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ সদস্যকে জবাই করে হত্যার চেষ্টাসহ ভাঙচুর ও নাশকতার অভিযোগে মোট ৩৪টি মামলা রয়েছে।
 
বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান জানান, মাসদু রানা ছোট কুমিড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন; এমন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর তিনটার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসদু পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাসুদ পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ২২টি ককটেল উদ্ধার করে।
 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ-আলম জানান, মাসুদ রানার বাম পায়ে পাঁচটি গুলি লেগেছে। হাসপাতালে পুলিশ হেফাজতে তার চিকিত্সা চলছে।
 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, মাসুদ রানা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। অগ্নিসংযোগ ও নাশকতাসহ তার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে।