ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর দ্বিবার্ষিক নির্বাচনে (২০১৫-১৭) প্যানেল ঘোষণা করেছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। তবে শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীদের নিয়েই এ প্যানেল ঘোষণা দেয়া হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়।
সৈয়দ মোয়াজ্জম হোসাইন (ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন), ড. কাজী এরতেজা হাসান (কংক্রিট প্রোডক্ট অ্যান্ড ব্লক ম্যানু. অ্যাসোসিয়েশন) ও শাফকাত হায়দারের (অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং) নেতৃত্বে এ প্যানেল গঠিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমদ ‘উন্নয়ন পরিষদ’ নামে এবং শনিবার এফবিসিসিআই প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ নামের প্যালেন ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে ব্যবসায়ী ঐক্য পরিষদ। এ প্যানেলে ওই তিন নেতা ছাড়াও রয়েছেন—ফোর স্ট্রোক সিএনজি অ্যাসোসিয়েশনের খন্দকার রুহুল আমিন, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের মো. মিজানুর রহমান বাবুল, ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মো. জামিউল আহম্মেদ, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের মো. আলি জামান। এ ছাড়া, রয়েছেন বাটিক হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যারিস্টার জাকির আহাম্মদ, অটো স্পেয়ার্স পার্স মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আবুল আয়েস খান, ফুটওয়ার ও ফুটওয়ার এক্সেসরিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের মোয়াজ্জেম হোসেন, সাব কন্ট্রাক্টিং শিল্প মালিক অ্যাসোসিয়েশনের মো. আসলাম আলী, ইন বাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের এমজিআর নাসির মজুমদার, এগ প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের তাহের আহম্মেদ সিদ্দিক, মাস্টার স্টিভেডর্স অ্যাসোসিয়েশনের মো. ইব্রাহীম, এসিড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মোহাম্মদ উল্লাহ পলাশ ও বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের মাহমুদা মুস্তাকিমা রুবি।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন হবে। আর ২০ জন মনোনিত পরিচালকসহ সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এবার নির্বাচনে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে এক হাজার ৭৬৩ জন ভোটার রয়েছেন।