রাজধানীর কদমতলীতে কুপিয়ে গুলি করে যুবক খুন

 
 
 
 
 
 
 
 
রাজধানীর কদতমলীর বউবাজার এলাকায় মানিক হোসেন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। রবিবার সকালে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
পুলিশের দাবি—নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
 
কদমতলী থানার ওসি আবদুস সালাম জানান—রবিবার সকাল ৭টার দিকে বউবাজার এলাকার আকতার করিম রোডে সন্ত্রাসীরা মানিককে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
 
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান—শনিবার দিনগত রাত ১২টার দিকে বউবাজার এলাকার বাসা থেকে বের হয়েছিলেন মানিক। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
 

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি বলেন—নিহত মানিক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দেড় মাস আগে কদমতলী থানার একটি মাদক মামলায় তিনি জামিনে জেল থেকে বের হন। এরপর আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ধারণা করা হচ্ছে—মাদক বিক্রির বিরোধের জের ধরে তার সহযোগীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।