পিন্টুকে সুচিকিৎসা দেয়া হয়নি: খালেদা জিয়া

 
 
উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে সুচিকিত্সা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
গতকাল রবিবার রাতে এক শোক বাণীতে খালেদা জিয়া বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় পিন্টুকে গত ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। দুই দিন কোনো চিকিত্সা না দিয়ে ২৬ এপ্রিল তাকে রাজশাহী কারা হাসপাতালে ভর্তি করা হয়। কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং ডাক্তারদের সুচিকিত্সা দেয়ার পরামর্শ উপেক্ষা করার কারণেই তার অকাল মৃত্যু হয়েছে।
 
কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে খালেদা জিয়া এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।