বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিন্টুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে লেদার টেকনোলজি কলেজ মাঠে। এরপর তার মরদেহ রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
বিএনপি নেতা পিন্টু বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এছাড়া অবৈধ অস্ত্র লু্ণ্ঠনের মামলায় ঢাকার একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল।