ছোটপর্দার ঈদ প্রস্তুতি

 
শোবিজ অঙ্গনে এরমধ্যেই বইছে উৎসবের হাওয়া। ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা ও নির্মাতারা। ছোটপর্দায় নিয়মিত অভিনেতাদের পাশাপাশি বিশেষ এই সময়টিতে বড়পর্দাসহ অন্যান্য অঙ্গনের তারকাদেরও সমাবেশ ঘটে। অনেককেই দেখা যায় একাধিক নাটক বা টেলিফিল্মে। অন্যদিকে এখন থেকেই চ্যানেলগুলো প্রস্তুতি নিচ্ছে তাদের ঈদের সিডিউল গোছাতে। দেশে এখন রেকর্ডসংখ্যক চ্যানেল রয়েছে। বাড়ছে নাটক ও টেলিফিল্মের সংখ্যা। প্রতিযোগিতার এই বাজারে প্রতিটি চ্যানেলই চেষ্টা করছে নিজেদের তালিকাটি খানিকটা হলেও ভিন্ন আঙ্গিকে সাজাতে। তবে বাজেটের বিষয়ে চ্যানেলগুলোর উদাসীনতার কথা বরাবরের মতো এবারও আলোচনার ইস্যু হয়ে আছে।

 

ঈদের নাটকের ব্যস্ততায় যারা

খুব বেশি দিন নেই আর ঈদের। মাস পেরোলেই রমজানের আগমন ঘটবে। তাই এখন নিয়মিত কাজের পাশাপাশি ঈদের কাজ নিয়েই ব্যস্ত সবাই। মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নাঈম, নিশোসহ বেশ কয়েকজন থাকেন ঈদে দর্শকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও সংখ্যায় খুব বেশি না হলেও জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মীর সাব্বিরসহ অনেকেই নিজস্ব ঢং নিয়ে হাজির থাকেন ঈদে। দর্শকদের চাহিদার জায়গায় এখনো তারা নিজেদের আধিপত্য ধরে রেখেছেন।

অন্যদিকে অভিনেত্রীরাও পিছিয়ে নেই। ডজন খানেক কাজে ব্যস্ত আছেন অনেকেই। হালের দর্শকপ্রিয় অভিনেত্রী তিশা, মেহজাবীন, শখ, হাসিন, মৌটুসী, জ্যোতিকা জ্যোতিসহ ব্যস্ত এখন সবাই। সকাল থেকে রাত পর্যন্ত শুটিং সেটে থাকারই খবর মিলছে সবার।

বড়পর্দার তারকাদের ছোটপর্দায় ভিড়

কয়েক বছর আগেও যাদের কাছে ঈদ মানে হলে হলে ছবি মুক্তি, ডাবিং বা ছবির পোস্ট প্রডাকশনের কাজের ব্যস্ততা; তাদের এখন ভিড় জমেছে ছোটপর্দায়। এই ঈদে ছোটপর্দায় থাকবেন পপি, নিপুণ, আমিন খান, রিয়াজ। বড়পর্দায় নিজেদের অবস্থান হারিয়ে ছোটপর্দাই যেন এখন তাদের আশ্রয়। তবে বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, ‘একসময় সবাইকেই সরে দাঁড়াতে হয়। নতুনরা আসবে পুরোনোরা চলে যাবে—এটাই নিয়ম। দর্শকদের চাহিদারও পরিবর্তন হয়। সেই জায়গা থেকে অভিনয়ের ক্ষুধা তো সবার মাঝেই আছে। তাই ছোটপর্দাতে কাজ করে ক্ষুধা নিবারণ করছেন অনেকে।’ ঢাকাই সিনেমা থেকে পড়ে যাওয়া নায়িকাদেরও এখন দেখা যাচ্ছে ছোটপর্দায়। একসময় নিয়মিত ঈদের ছবির নায়িকা পপিরও কোনো ছবি এবার আসছে না। তবে কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। ‘লাভ স্পিচ’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছেন পপি। যেখানে তার সহশিল্পী ছিলেন আমিন খান। এবার প্রায় এক হালি নাটক নিয়ে আসছেন নিপুণ। মিডিয়ায় চিত্রনায়িকা তকমায় পরিচয় থাকলেও নায়িকা হিসেবে নিপুণের ছবি মুক্তি পেয়েছে অনেকদিন আগে। তাই এখন নাটকেই হয়তো তার ভরসা। এই তালিকায় আছেন রিয়াজও। বলা ভালো যে, একসময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক এখন পুরোদস্তুর ব্যস্ত টিভি নাটকে।

চ্যানেলগুলো প্রস্তুত

চ্যানেলগুলোও এখন ব্যস্ত রয়েছে নিজেদের সিডিউল সাজাতে। ঈদে গতানুগতিক নাটকের চেয়ে ভিন্নতা রাখার চেষ্টা করে প্রতিটি চ্যানেল। চ্যানেলের বাজেট নিয়ে নির্মাতাদের অভিযোগ থাকলেও চ্যানেলগুলো এই সময়ে ভালো নাটকের জন্য বাজেটের বিষয়ে সচেতন বলেই জানান চ্যানেল সংশ্লিষ্টরা। আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ‘নির্মাতারা বাজেট নিয়ে অনেক কথা বললেও ঈদের সময় আমরা চেষ্টা করি ভালো নাটকগুলোর সম্মানী ভালো দিতে। বিভিন্ন ক্যাটাগরিতে আমরা নাটকের বাজেট নির্ধারণ করি। মেধা ও কাজ অনুযায়ী ঈদের বাজেটের বিষয়ে আমরা সচেতন থাকি। ভালো কাজের মূল্যায়ন অবশ্যই করা হয়।’

গায়ক থেকে নায়ক

ঈদের এই বিশেষ দিনে পিছিয়ে নেই সঙ্গীতশিল্পীরাও। পার্থ বড়ুয়া, তাহসান, জন, তুহিনকে গত কয়েক ঈদেই একাধিক নাটকে দেখা গেছে। তবে এই ঈদে এখনো কোনো শিরোনামে নেই তারা। পার্থ বড়ুয়া কয়েকদিন আগেই বলেছেন, আপাতত ছোটপর্দাতে নয়, গান নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। জন তার ব্যান্ড ‘ইন্দালো’র প্রথম অ্যালবাম রিলিজ নিয়েই ব্যস্ত আছেন। তাই এবার তাকে হয়তো কোনো নাটকে দেখা যাচ্ছে না। এবার ঈদের কোনো নাটকে হয়তো পাওয়া যাবে না তাহসান ও তুহিনকেও। তাই এবার ঈদের নাটকের প্রস্তুতি নেই তাদের কেউ।