পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইনের খসড়া অনুমোদন

 
পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদুৎকেন্দ্র স্থাপনের বিধান রেখে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন-২০১৫’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।
 
একই সঙ্গে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ‘নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ’ শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে।
 
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের হাতে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে ‘নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ’। এ বিষয়টিকে আইনি ভিত্তি দিতেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন এই আইন করার প্রস্তাব নিয়ে আসে।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ব্যয় করবে এক হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। বাকি চার হাজার কোটি টাকা সহায়তা দেবে রাশিয়া।
 
এদিকে ভারতের সঙ্গে অনুস্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন কোস্টল শিপিং বিটুয়িং দ্য গভর্নমেন্ট অফ পিপলস অফ বাংলাদেশ এন্ড দ্যা গভর্নমেন্ট অফ দ্যা রিপাবলিক অফ ইন্ডিয়া’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া গত ১১-১৩ মার্চ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গ্রানাডায় অনুষ্ঠিত ‘স্ট্রাটেজি মিটিং ফর গ্লোবাল অ্যাকশন নেটওয়ার্ক ফর ব্লু গ্রোফ এন্ড ফুড সিকিউরিটি’তে মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।