রোজার ঈদের রিলিজ পাচ্ছে ‘ইন্দালো’ ব্যান্ডের প্রথম একক অ্যালবাম। তবে অ্যালবামটির নাম এখনও নির্ধারিত করা হয়নি। মোট ১৩টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামের গানগুলো লিখেছেন ব্যান্ড সদস্য জুবায়ের। অ্যালবামটি গতমাসে রিলিজ দেওয়ার ঘোষণা থাকলেও রিলিজের সময় ঈদকে কেন্দ্র করেই নির্ধারণ করা হয়।
এ প্রসঙ্গে ব্যান্ডের কর্ণধার জন কবির বলেন, ‘আর কিছুদিন পরেই যেহেতু ঈদ তাই প্রথম অ্যালবামটি একটি উত্সব কেন্দ্র করেই রিলিজ দেওয়ার চিন্তা করলাম। এখানে একটু সময়ও পেলাম। কাজগুলো আরও ভালোভাবে গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। যেহেতু নতুন ব্যান্ড তাই শ্রোতাদের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অবশ্যই ভালো একটি কাজ প্রয়োজন।’
ব্ল্যাক থেকে চলে আসার পর নতুন ব্যান্ড ‘ইন্দালো’ গঠন করেন জন। তবে এখন পর্যন্ত ব্যান্ড নিয়ে কোনো স্টেজ শো করেননি তিনি। জন বলেন, ‘অ্যালবামের মধ্য দিয়েই শ্রোতাদের কাছে পরিচিতটা আগে পেতে চাই। এরপর অ্যালবামের গানগুলো নিয়েই স্টেজ শো করব। নিজেদের মৌলিক গান নিয়েই প্রথম কনসার্ট করতে চাই।’
‘ইন্দালো’ নতুন ব্যান্ড হলেও জনের জনপ্রিয়তা উপর ভর করেই অ্যালবামের অনেকটা আশাবাদী সবাই। অ্যালবাম নিয়ে ব্যস্ত থাকায় এবার ঈদের হয়তো কোনো নাটকে দেখা যাবে না জনকে। নাটকের কাজের বিষয়টি এখনও নিশ্চিত না জন।